নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২৪ নভেম্বর, ২০২০
দাগী তৃণমূলীরা আসতে চাইলেও জেলা বিজেপি তাদের দলে নিতে আগ্রহী নয়, জানিয়ে দিল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত রবিবার শহরের দুলমির দলীয় কার্যালয়ে জেলা বিজেপির কর্মসূচীতে পুরুলিয়া আসেন বিজেপির রাজ্য যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই সাংবাদিকদের মুখােমুখি হয়ে জানিয়েছিলেন পুরুলিয়া জেলার তিনজন বিধায়ক বিজেপিতে যােগ দেওয়ার জন্য ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যােগাযােগ শুরু করেছেন।
তবে জেলার কোন তিনজন বিধায়ক, তা খােলসা করেনি সৌমিত্রবাবু। তবে বিজেপির রাজ্য যুব সভাপতি যাই দাবি করুন না কেন, পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব কিন্তু বিষয়টিতে সম্পূর্ণ ভিন্ন মত পােষণ করেছেন। জেলা বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের ওই তিন বিধায়ক নিজেদের গা বাঁচাতে দলে আসতে চাইছেন। দলের রাজ্য যুব সভাপতির সম্পূর্ণ উল্টো সুর শােনা গেল সংগঠনের জেলা নেতৃত্বের কাছে।
এ বিষয়ে রাজ্য সভাপতির কার্যত উল্টো সুরে কথা বললেন যুব মাের্চার পুরুলিয়া জেলা সভাপতি তথা দলের মুখপাত্র নীলােৎপল সিনহা। তিনি
বলেন, তৃণমূল থেকে যারা আসতে চাইছেন তাঁদের অধিকাংশই গা বাঁচাতে বিজেপিতে আসতে চাইছেন। বিজেপির সঙ্গে যােগাযােগ করেছে এমন বিধায়ক তথা নেতাদের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযােগও রয়েছে বিস্তর। তাই দল তাঁদের বিষয়ে খুব একটা আগ্রহী নয়। তিনি আরও বলেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের অবশ্যই স্বাগত জানাবাে। তবে অভিযুক্ত কেউ দলে ঢুকলে তাঁর দায়ভার অভিযুক্ত নেতাকেই নিতে হবে। দল কোনও দায়িত্ব নেবে না সে বিষয়ে দলের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। দল নিজেদের সংগঠনের শক্তির ওপরেই জোর দিতে চাইছে। ফলে অন্য দল থেকে নির্বাচনের আগে আসতে চাওয়া নেতা-নেত্রীদের বিষয়ে যে অদূর ভবিষ্যতে বিজেপিতে মতবিরােধের প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করছেন দলেরই একাংশ।
অন্যদিকে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, সম্পূর্ণটাই গুজব, ভিত্তিহীন। বিজেপি মিথ্যা কথা প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে।
শেয়ার করুন