নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৭ আগষ্ট ২০২২ঃ
প্রায় এক লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়া শহরের এক বস্ত্র ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গত ১০ তারিখ। গতকাল পুরুলিয়া শহরের থানা লেনের ওই বস্ত্র ব্যবসায়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, গত ১০ তারিখ ওই ব্যবসায়ীর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। তাতে উল্লেখ করা হয়, “বিল বাকি থাকার কারণে ওইদিন রাত সাড়ে আটটা নাগাদ তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে”। এমনকি মেসেজের সঙ্গে একটি মোবাইল নম্বর দিয়ে সেই নম্বরে ফোন করতেও বলা হয় ওই ব্যবসায়ীকে। সেই নম্বরে ফোন করলে একটি লিংক পাঠানো হয়। সেই লিংক-এর মাধ্যমে ১০/- টাকা পাঠাতে বলা হয়। তারপরই ওই বস্ত্র ব্যবসায়ীর ফোনে একটি ওটিপি আসে। ওই ওটিপি শেয়ার করতেই দোকানের রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। গতকাল, মঙ্গলবার পুরুলিয়া সদর থানার দ্বারস্থ হয়েছেন থানা লেনের ওই বস্ত্র ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন