নিজস্ব সংবাদদাতা, আড়ষা, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ

আজ দেশের স্বাধীনতা দিবস। এবছর স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি। এবছরের এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে গত এক বছর ধরে সরকার ঘোষণা করেছে “আজাদি কা অমৃত মহোৎসব” কর্মসূচির। এদিন স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন সহ গোটা অনুষ্ঠানটি তাই একটু ভিন্নভাবে পালন করল আড়ষা থানার মহুলবন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। সংস্থার পক্ষ থেকে আড়ষার পুয়াড়া অঞ্চলের অন্তর্গত সিরিডি গ্রামে স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় লক্ষীরাম বাবুর বাড়িতে গিয়ে এদিন পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর বিধবা স্ত্রী সরলা দেবীর হাতে “মরোণোত্তর স্বাধীনতা সংগ্রামী সম্মান”ও তুলে দেওয়া হয় মহুলবন সংস্হার পক্ষ থেকে। সংস্থার সম্পাদক নরেন সেনগুপ্ত জানান, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের অস্তিত্ব। যাঁরা সেভাবে কখনো প্রচারের আলোয় আসেননি। দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে তাঁদের লোক সমক্ষে তুলে আনার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নরেন সেনগুপ্ত। এদিন মহুলবনের এই উদ্যোগে ভীষণ খুশি সিরিডি গ্রামবাসীরাও।

শেয়ার করুন

You cannot copy content of this page