নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ ফেব্রুয়ারি ২০২২ঃ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ ফেব্রুয়ারি ২০২২ঃ
আজ, বুধবার জেলা পৌর নির্বাচন আধিকারিক তথা জেলা সমাহর্তাকে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানাল বামফ্রন্ট । জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম-এর জেলা সম্পাদক প্রদীপ রায় এদিন জানান, “এই মূহুর্তে পুরুলিয়া জেলার পৌর নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু অবাধ ও সুষ্ঠ নির্বাচন”। প্রদীপ বাবু বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থী প্রতি খরচের সিলিং ৪২ হাজার টাকা। প্রদীপবাবুর দাবি, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকেই দেখা যাচ্ছে শাসক দল ও বিজেপির প্রার্থীরা অনেক বেশি খরচ করছেন। যা নিয়ে ইতিমধ্যেই জেলা বামফ্রন্টের কাছেও খবর রয়েছে বলে দাবি জেলা বামফ্রন্ট আহ্বায়কের। জেলার তিনটি পৌরসভায় আসন্ন পৌর নির্বাচন স্বচ্ছ. নাও হতে পারে, এরকম আশঙ্কা প্রকাশ করে বামফ্রন্ট আহ্বায়কের বক্তব্য, প্রত্যেক প্রকৃত ভোটার যাতে নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন, এই বিষয়টি নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য এদিন জেলা পৌর নির্বাচন আধিকারিককে দাবি জানানো হয়েছে।

অবাধ নির্বাচনের দাবি ছাড়াও বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়ায় বামপন্থীদের প্রতি কমিশনের বৈমাতৃসুলভ আচরণ কেন, এদিন এই বিষয়টিতেও প্রশ্ন তোলা হয়েছে বলে জেলা বামফ্রন্টের পক্ষে জানা গিয়েছে। জেলা বামফ্রন্টের দাবি, গত ৯ ফেব্রুয়ারি ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলেও অকারণে এক সপ্তাহ দেরি করে ১৬ ফেব্রুয়ারি বামপন্থীদের হাতে সেই নির্বাচক তালিকা তুলে দেয় কমিশন। এছাড়াও তিনটি পৌরসভায় প্রচারের উদ্দেশ্যে সভা, মিছিল, মিটিং করার অনুমতি চেয়ে যথাসময়ে কমিশনের কাছে আবেদন করা হলেও, নির্বাচন প্রক্রিয়ায় নিযুক্ত সরকারি আধিকারিকরা অকারণে সেই অনুমতি দিতে বিলম্ব করেছেন এবং করছেন। ফলে নির্বাচনের প্রাক্কালে বাম প্রার্থীদের ভোট প্রচার অযথা বাধাপ্রাপ্ত হয়েছে এবং হচ্ছে বলে দাবি বামফ্রন্টের। “উপরোক্ত বিষয়গুলির প্রেক্ষিতে বর্তমানে আমরা, বামপন্থীরা পুরুলিয়া জেলার তিনটি পৌরসভায় অবাধ ও সুষ্ঠ নির্বাচনের বিষয়েই যথেষ্ট সন্দিহান” বলে মত বামফ্রন্ট আহ্বায়কের।

শেয়ার করুন

You cannot copy content of this page