নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৬ আগষ্ট ২০২১ঃ


আজ, বৃহস্পতিবার (২৬ আগষ্ট) পুরুলিয়া পৌরসভার গান্ধী সভাগৃহে রাজ্য সরকার কর্তৃক নব নিযুক্ত পৌর বোর্ডের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দিল বিদায়ী পৌর বোর্ড। এদিন দায়িত্বভার অর্পণের সরকারি নিয়ম শেষে বিদায়ী প্রশাসক তথা পুরুলিয়ার প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতর বক্তব্যে স্বভাবজাত সৌজন্যতা দেখা গেল। যা শুনে পৌর চত্বর হাততালিতে ভরে উঠল। শুধু সৌজন্যতাই নয়, তাঁর বক্তব্যে এদিন ফুটে উঠেছে আবেগঘন স্বর। বৃহস্পতিবার সরকারিভাবে নতুন পুরুলিয়া পৌর বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিয়ে মৃগাঙ্ক বাবু বলেন, ২০১৪ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যখন তিনি পুরুলিয়া সদর হাসপাতালের সরকারি চিকিৎসকের চাকরি ছেড়ে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন, তখন নব নিযুক্ত পৌর প্রশাসক নবেন্দু মাহালির কাছ থেকে তিনি বিপুল সাহচর্য পেয়েছিলেন। তিনি বলেন, নবেন্দু বাবু রাজনোয়াগড় বিদ্যালয়ে তাঁর (মৃগাঙ্ক বাবুর) বাবার ছাত্র। ২০১৪-তে প্রথম রাজনীতিতে পদার্পণের সময় নবেন্দু মাহালি তাঁকে সঙ্গে নিয়ে বাঘমুন্ডি, জয়পুর, পাড়া সহ পুরুলিয়া সাংসদ এলাকার প্রত্যেক স্থানে নির্বাচনী কর্মসূচিতে ঘুরেছেন, সর্বদাই পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং জয়ের বিষয়েও আশ্বস্ত করেছেন বলে জানান মৃগাঙ্ক মাহাত। তিনি আরো বলেন, নবেন্দু মাহালি দীর্ঘদিনের একনিষ্ঠ সাংগঠনিক কর্মী এবং পুরুলিয়াকে খুব ভালভাবে চেনেন। ফলে বর্তমানে রাজ্য প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রশাসনিক দায়িত্বও যে নবেন্দু বাবু ভালভাবেই পালন করতে পারবেন, তাঁর বক্তব্যে তেমনই আশা প্রকাশ করেছেন বিদায়ী প্রশাসক তথা প্রাক্তন সাংসদ।

এদিন পুরুলিয়া পৌরসভার বিদায়ী প্রশাসক মন্ডলীর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতার আভাস দিয়ে মৃগাঙ্ক বাবু তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী প্রশাসক মন্ডলীর সকল সদস্যই, বিশেষত বৈদ্যনাথ মন্ডল, বিগত দিনে পৌরসভার প্রশাসনিক কাজে তাঁকে সর্বোতভাবে সহায়তা করেছেন। একই সঙ্গে নতুন বোর্ডের দুই সদস্য মৌসুমী ঘোষ ও রেবতী রমন টুডুও যে দীর্ঘদিন ধরে পুরুলিয়ার মানুষের পাশে থেকে সাধারণের সেবা করে যাচ্ছেন, এদিন মৃগাঙ্ক বাবু তাঁর বক্তব্যে তাও উল্লেখ করেন। এমনকি নব নিযুক্ত বোর্ডের আরেক সদস্য রবিশঙ্কর দাস যে এদিন মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেন নি, সেকথাও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন বিদায়ী প্রশাসক। এমনকি তাঁদের পূর্ববর্তী পৌর বোর্ড সামিম দাদ খানের নেতৃত্বে যে পৌর এলাকায় বহু মূল্যবান ও উন্নয়ন মূলক কাজ করা হয়েছে, সেকথাও বৃহস্পতিবার নিজের বক্তব্যে উল্লেখ করতে ভোলন নি মৃগাঙ্ক বাবু। পুরুলিয়া পৌরসভার সকল শ্রেণীর কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মৃগাঙ্ক মাহাত এদিন বলেন, বিগত দিনে পুরুলিয়া পৌরসভার সমস্ত কর্মচারী বিদায়ী পৌর বোর্ডকে পৌরসভার কাজে বিপুলভাবে সাহায্য করেছেন। এক কথায় বৃহস্পতিবার বিদায়ী প্রশাসকের বক্তব্যের পরতে পরতে যে সৌজন্যতা ফুটে উঠেছে, তাকে বিপুল হাতাহাতির ধ্বনিতে সম্মান জানিয়েছেন পৌর চত্বরে উপস্থিত আপামর জনসাধারণ।

শেয়ার করুন

You cannot copy content of this page