নিজস্ব সংবাদদাতা, পাড়া, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ

স্বর্গত মায়ের স্মৃতি ধরে রাখতে কৃতিদের জন্য স্কলারশিপ চালু করতে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হল স্কুল কর্তৃপক্ষের হাতে। পাড়া ব্লকের নডিহা-সুরুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত সুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতল চন্দ্র রজকের হাতে আজ ৫০ হাজার টাকার চেকটি তুলে দিলেন পুরুলিয়া-১ নম্বর ব্লকের লাগদার বাসিন্দা ভবানী বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানান, তাঁর স্বর্গত মায়ের স্মৃতিতে এই স্কুল থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীন প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম তিনজন স্থানাধিকারীকে স্কলারশিপ তুলে দেওয়া হবে। ভবানী বাবুর স্বর্গত মায়ের নামেই “স্নেহলতা ব্যানার্জি মেমোরিয়াল স্কলারশিপ” টি দেওয়া হবে বলে জানা গিয়েছে। সুরুলিয়া উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কলারশিপের ৫০ হাজার টাকার তহবিল থেকে প্রতি বছর যে ৩ হাজার টাকা পাওয়া যাবে তা থেকেই বিদ্যালয়ের প্রথম তিনজন স্থানাধিকারীকে যথাক্রমে ১২০০/-টাকা, ১০০০/-টাকা এবং ৮০০/-টাকা বৃত্তি দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতল চন্দ্র রজক এদিন বলেন, ভবানী বাবুর পূর্বপুরুষদেরও এই বিদ্যালয়ে বহু অবদান রয়েছে। ভবানী বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে মত তাঁর স্বর্গত মায়ের স্মৃতিতে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের প্রথম তিনজন স্থানাধিকারীকে এই বৃত্তির রাশি তুলে দেবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলেও এদিন জানিয়েছেন প্রধান শিক্ষক।

শেয়ার করুন

You cannot copy content of this page