নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ সেপ্টেম্বর ২০২১ঃ
কর্মরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক এন ভি এফ কর্মী। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাড়া থানার অন্তর্গত রঘুনাথপুর-সাঁওতালডি সড়কের কোল্ডি মোড়ের কাছে। পুরুলিয়া জেলার পাড়া থানায় ওই এন ভি এফ কর্মী কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর নাম প্রণব মহান্তি, বয়স ৩০ বছর। বাড়ি বলারামপুর থানার বাঁশগড় এলাকায়।
জানা গিয়েছে, এদিন কর্মরত অবস্থায় নিজের থ্রি নট থ্রি বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন প্রণব মহান্তি। ঘটনার পর তাঁকে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন প্রণব বাবু। সেই কারণে নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ।

