নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১০ আগষ্ট ২০২২:
রেল বা বিএসএনএল-এর মত ভারতীয় ডাক বিভাগকেও বেসরকারিকরণের চক্রান্তমূলক পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। অন্তত সংগঠনের কাছে সরকারের এই পরিকল্পনার তেমনই খবর রয়েছে। সরকারের সেই পরিকল্পনা বাতিল সহ বিভাগের শূন্য পদে অবিলম্বে কর্মী নিয়োগ ও পরিষেবা উন্নয়নের দাবিতে এদিন প্রতীকী ধর্মঘট পালন করল পুরুলিয়া ডাক বিভাগের ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজ বা এন এফ পি ই। এদিন এক প্রকার বৃষ্টি মাথায় নিয়ে পুরুলিয়া মুখ্য ডাকঘরের গেটে দীর্ঘক্ষণ বিক্ষোভে সামিল হলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলার সভাপতি নারায়ণ চন্দ্র মাহাত ও ক্ষীরোদ মোহন খাওয়াস এদিন জানান, আর বি আই-এর অনুমোদন অনুযায়ী দেশের একমাত্র ১০০ শতাংশ গ্যারান্টি রয়েছে ডাক বিভাগের আমানতকারীদের জমাকৃত রাশিতে। পোস্টাল সেভিংস ব্যাঙ্ক ও ডাক বিভাগের ইনসিওরেন্স সহ দেশের প্রায় ২৯ লক্ষ আমানতী অ্যাকাউন্টে কুনজর পড়েছে বেসরকারী সংস্থার। ডাক বিভাগের প্রায় সাড়ে ১২ লক্ষ কোটি টাকার এই সঞ্চয় আমানত তাদের এক্তিয়ারে তুলে দিতে পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার বলে এদিন দাবি করেন সংগঠনের এই দুই জেলার পদাধিকারী।

তাঁরা আরো দাবি করেন, তাঁদের এই আন্দোলন মূলত সাধারণ মানুষ সহ ডাক বিভাগের স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী গ্রাহকদের আগামী দিনের সম্ভাব্য বিপদের বিষয়ে সচেতন করা। শ্রী খাওয়াস এদিন দাবি করেন, এমনিতে ডাক বিভাগের আইন অনুযায়ী সরাসরি বেসরকারিকরণ করা সম্ভব নয় দপ্তরকে। যে কারনে টেকনিক্যাল সহায়তার আড়ালে আই পি পি বি বা ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক চালু করে সরকার সংস্থার বেসরকারিকরণের নীতি প্রয়োগের পথে হাঁটছে বলে এদিন সংগঠনের তরফে দাবি করেন পদাধিকারীরা। সংগঠনের পক্ষে অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রাহক পরিষেবার মান বাড়াতে তাঁরা বিভাগের নেটওয়ার্ক ব্যবস্থার সমূহ উন্নয়ন ও বহুসংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের দাবি জানালেও সরকার তথা উর্ধতন কর্তৃপক্ষ সেবিষয়ে কান দিচ্ছে না। সহজে বেসরকারিকরণের পথে হাঁটতে জনমানসে সরকারি সংস্থা হিসেবে ডাক বিভাগ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতেই সরকার এই পন্থা নিয়েছে বলেই এদিন ধর্মঘটের মঞ্চ থেকে সরাসরি অভিযোগ করেন ক্ষীরোদ মোহন খাওয়াস। এদিন একপ্রকার হুঁশিয়ারি দিয়ে সংগঠনের পদাধিকারীরা জানিয়ে দেন, অবিলম্বে সরকার নীতি না পাল্টালে শীঘ্রই তাঁরা সারা দেশ জুড়ে বৃহত্তর আকারে ধর্মঘটে নামবেন। ২১ শে জুলাই কমিটি সহ বহু সংগঠন তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছে বলেও এদিন জানান এন এফ পি ই-র জেলার সম্পাদক।
শেয়ার করুন