নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ই ডি এবং কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রী ও মন্ত্রীদের অজথা হেনস্থা করছে, এই অভিযোগে পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেস ও পুঞ্চা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিক্ষোভে সামিল হন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের জেলার নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণপদ মাহাত সহ ব্লক ও জেলা স্তরের দলের এই দুই শাখা সংগঠনের নেতা-নেত্রী ও কর্মীরা। এদিন সাম্প্রতিক কালে ই ডি ও সিবিআইয়ের আচরণের বিরোধিতা করে সুজয় বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণপদ মাহাতরা নিজেদের বক্তব্যে জানান, এই দুই সরকারি তদন্তকারী সংস্থা তোতাপাখির মত বিজেপি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। রাজ্যজুড়ে তদন্তের নামে শাসক দল তৃণমূলের নেতা-নেত্রী, এমনকি মন্ত্রীদেরও চরম হেনস্থা করছে বলেও এদিন বিক্ষোভের সমাবেশ থেকে অভিযোগ তোলা হয়। ই ডি ও সিবিআইকে এদিন তীব্র আক্রমণ করে সুজয় বাবুরা বলেন, এই দুই সংস্থার পক্ষপাতদুষ্ট আচরণ দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর ওপর চরম আঘাত।

শেয়ার করুন

You cannot copy content of this page