নিজস্ব সংবাদদাতা, কাশিপুর, ১০ জানুয়ারি ২০২২ঃ
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ। সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাশিপুর থানার অন্তর্গত ভার্টিন গ্রামে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম বৃহস্পতি মাহাতো, বয়স 25 বছর। ম়তের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কয়েকজন যুবক বৃহস্পতি মাহাতোকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে ওই যুবক আর ফিরে আসেননি। পরিবারের সদস্যদের দাবি, বারবার বৃহস্পতির ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যোগাযোগ করা যায়নি। এরপর সোমবার সকালে বাড়ির অদূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে মৃত যুবক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। করোনার প্রকোপ দেখা দিলে গত একবছর আগে বাড়ি ফেরেন। তারপর থেকে বাড়িতেই ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃহস্পতি মাহাতর পিতা অমল মাহাত তৃণমূলের সক্রিয় কর্মী। ঘটনার সত্যতা খুঁজতে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন