নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৭ জানুয়ারি ২০২২ঃ
আচমকা হানা দিয়ে প্রচুর পরিমাণে গুটকা আটক করলো মানবাজার প্রশাসন। এদিন মানবাজার বাস স্ট্যান্ড থেকে গোটা বাজার চত্বর জুড়ে চলে অভিযান। একইসঙ্গে গুটকা নিষেধে সচেতনতা মূলক প্রচারও করা হয় প্রশাসনের পক্ষে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাস থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে গুটকা জাতীয় সমস্ত জিনিসের বিরুদ্ধে বিধি নিষেধ জারি করা হয়েছিলো। তখন থেকেই জেলার বিভিন্ন প্রান্তে মাঝে মাঝেই চলছে গুটকা ও তামাকজাত পান মশলার বিরুদ্ধে প্রশাসনিক অভিযান। মানবাজারে এদিনের এই অভিযানে ছিলেন মানবাজার-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক জিৎ সরকার ও খাদ্য সুরক্ষা আধিকারিক সুমন দাস। এবিষয়ে খাদ্য সুরক্ষা আধিকারিক সুমন দাস জানান, ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর থেকে গুটকা সেবনের ক্ষতিকারক দিক বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি বাজার এলাকা থেকে গুটকা বাজেয়াপ্তও করা হয়েছে আজ।



