নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ
গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় আজ বিকেলের দিকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঘমুন্ডি ব্লকের বুড়দা-কালিমাটি অঞ্চলের বুড়দা গ্রামে। জানা গিয়েছে, ওই কিশোরীর নাম অর্চনা কুমার (১৫)। সে বুড়দা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। পারিবারিক সূত্রে আরো জানা গিয়েছে, এদিন বিকেলে তার নিজের পড়ার ঘরের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরীকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বাঘমুন্ডি থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে পাথরডি হাসপাতালে নিয়ে যায় বাঘমুন্ডি থানার পুলিশ। সেখানে চিকিৎসক কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আগামী কাল, শনিবার ময়না তদন্তের জন্য দেহটি পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সত্যতা খুঁজতে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন