নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২৯ জুন ২০২২ঃ
প্রায় ত্রিশ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যাওয়া একটি গরুকে উদ্ধার করলেন পুরুলিয়া দমকল বিভাগের কর্মীরা। ঘটনা মঙ্গলবার মধ্য রাতের, বলরামপুর শহরের কালিতলা নামোপাড়া এলাকার। জানা গিয়েছে, গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে কালিতলা নামোপাড়া এলাকার ধীরেন মাঝি নামে এক ব্যক্তির উঠোনে থাকা রেলিং বিহীন কুয়োর মধ্যে আচমকা একটি গরু পড়ে যায়। ভারী কিছু পড়ে যাওয়ার বিকট শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন উঠে দেখেন কুয়োর মধ্যে একটি গরু পড়ে গিয়েছে। রাতেই প্রতিবেশীদের ডাকাডাকি করে গরুটিকে কুয়ো থেকে তোলার চেষ্টা করেও ব্যার্থ হন তাঁরা। খবর দেওয়া হয় বলরামপুর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। তবে কুয়োর জল অনেক নীচের দিকে থাকায় গরুটিকে টেনে তোলা সম্ভব হয় না। বলরামপুর থানার পুলিশের তরফেই খবর দেওয়া হয় পুরুলিয়া দমকল অফিসে। খবর পেয়ে আজ, বুধবার ভোর পাঁচটা নাগাদ পুরুলিয়া দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থানে পৌঁছন। দমকলের পক্ষে স্থানীয় একটি পুকুর থেকে মেশিন দিয়ে কুয়োটিতে প্রথমে জল ভর্তি করে তলার দিকে থাকা গরুটিকে কুয়োর ওপরের দিকে নিয়ে আসা হয়। এরপরই প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় স্থানীয় মানুষজনের সহায়তায় গরুটিকে টেনে তোলা হয় কুয়ো থেকে। ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় গভীর রাত থেকেই। তবে কুয়ো থেকে তোলার পর স্বস্তি ফেরে জনগণের। স্থানীয়রা এদিন পুরুলিয়া দমকল বিভাগ ও বলরামপুর থানার পুলিশের ভূমিকার ভূয়সী প্রসংসা করেছেন।




