নিজস্ব সংবাদদাতা, পাড়া ও পুরুলিয়া, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ঃ
দলীয় কর্মসূচিতে অংশগ্রহন করার পর বাসে বাড়ি ফিরছিলেন পাড়া ব্লকের সাঁওতালডি থানার অন্তর্গত কামারগোড়া গ্রামের সিপিআইএম-এর কর্মী-সমর্থকেরা। পাড়া অতিক্রম করেই বাম কর্মী-সমর্থক বোঝাই বাসটি পথ দুর্ঘটনায় পড়লে আহত হন দলীয় কর্মীরা। জানা গিয়েছে, গতকাল, বুধবার দলের “জেলা পরিষদ অভিযান” কর্মসূচির শেষে বাম কর্মীরা ওই বেসরকারি বাসটিতে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা নাগাদ পাড়া-দুবড়া রাস্তার উপর একটি ডাম্পারের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয় দলীয় কর্মীরা আহত সহকর্মীদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৭ জন গুরুতর জখমদের পুরুলিয়া রেফার করা হয়। সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির সদস্য জীতেন ওঝা জানান, আহতদের মধ্যে দুজনের শারিরীক অঙ্গ ভাঙার কারনে রোটারি হাসপাতালে অর্থপেডিক বিভাগে চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই দলীয় কর্মী নেপাল মাজি ও কালীপদ মাহাত গুরুতর ভাবে জখম বলেও জানান জীতেন বাবু। তিনি জানান, হাসপাতালে ভর্তি বাকিদেরও চিকিৎসা চলছে। গতকাল সিপিআইএম-এর পুরুলিয়া জেলা কমিটির ডাকে রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা শতরূপ ঘোষ। জীতেন ওঝা জানান, খবর পেয়েই আহত ও চিকিৎসাধীন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে ও তাঁদের খোঁজখবর নিতে গতকাল রাতেই হাসপাতালে পৌঁছন শতরূপ বাবু। এছাড়াও দলের দুই শহর কমিটি ও জেলা কমিটির অনেকেই এদিন হাসপাতালে পৌঁছেছিলেন আহত দলীয় কর্মীদের খোঁজখবর নিতে বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, আহতদের চিকিৎসার বিষয়টি সামগ্রিকভাবে তদারকি করছেন পুরুলিয়া উত্তর এরিয়া কমিটির সদস্য জীতেন ওঝাই।

