নিজস্ব সংবাদদাতা, আনাড়া, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ঃ

আজ ভারতীয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-এর “রেইজিং ডে” বা উত্থাপন দিবস। আনাড়া রেল পুলিশ এই দিনটিকে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করে পালন করল। আনাড়া রেল পুলিশ থানার ওসি এ কে গরাই জানান, সারা দেশজুড়ে আরপিএফ-এর তরফে দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে। তিনি আরো বলেন, এদিনই সকাল ৯ টায় ভারতীয় রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতি দর্শনা বিক্রম জার্দোস লক্ষ্মৌ-এর আরপিএফ অ্যাকাডেমিতে উপস্থিত থেকে সমস্ত কর্মীদের সম্বোধিত করেছেন। আনাড়া রেল পুলিশের তরফে এদিন আনাড়া লিটল ফ্লাওয়ার স্কুলের ১৪০ জন পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। ও সি এ কে গরাই জানান, মূলত মানব পাচার ও শিশু সুরক্ষা বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে পড়ুয়াদের বোঝানোর পাশাপাশি এই দুটি বিষয় সমাজে কতটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, এদিন পড়ুয়াদের সে বিষয়েও জানানো হয়েছে। একইসঙ্গে চলন্ত ট্রেনে সেলফি না নেওয়া, যেখান সেখান দিয়ে রেল লাইন না পেরনো, সব ক্ষেত্রেই ফুটওভার ব্রীজ বা সাবওয়ে ব্যবহার করা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে এদিন তাদের বোঝানো হয়েছে বলে জানান আরপিএফ ওসি, আনাড়া।

শেয়ার করুন

You cannot copy content of this page