নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া ও বলরামপুর, বুধবার, ৩১ আগষ্ট ২০২২ঃ

আজ শ্রীশ্রী গনেশ চতুর্থী। নিতুড়িয়া সরস্বতী ক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপি ২৪ তম গণেশ পুজোর এদিন শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। ছিলেন সুমিতা সিং মল্ল সহ ব্লক ও জেলার বিশিষ্ট অতিথিবর্গ। একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন এই পুজোর উদ্বোধন করেন সভাধিপতি। নিতুড়িয়া ব্লকের এই গণেশ পুজোটি গত ২৩ বছর ধরে জেলার অন্যতম জাঁকজমক পূর্ণ পুজো হিসেবে পরিচিত হয়ে উঠেছে। জেলার বিভিন্ন প্রান্ত সহ ভিন জেলা থেকেও বহু দর্শনার্থীদের ভিড় হয় পুজো দেখতে। এদিনও পুজো চত্বরে দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না।

অন্যদিকে, এদিনই গণেশ চতুর্থীতে তাঁদের পুজো ঘিরে মেতে ওঠেন বলরামপুরের রাঙ্গাডি গ্রামের বাসিন্দারা। রাঙ্গাডি সর্বজনীন গণেশ পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে শুরু হয় পুজোটির। বুধবার রীতিমত প্রথা মেনে স্থানীয় পুকুর থেকে কলসযাত্রা করে গণেশ পুজোর সূচনা করা হয়। পুজোটি দুদিনের। এদিন প্রথম দিন। কমিটির তরফে নীলকমল তন্তুবায় এবং হরলাল ওঝা জানিয়েছেন, গ্রামবাসীদের সহযোগিতাতেই পুজোর আয়োজন করা হয় প্রতিবছর। আগামীকাল, বৃহস্পতিবার, পুজোর দ্বিতীয় দিন ঘটকলস বিসর্জন ও দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page