নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর ২০২১ঃ
প্রতিদিন যেভাবে করোনার বর্তমান ভ্যারিয়েন্ট ওমিক্রন-এর সংক্রমণ বাড়ছে, সেকথা বিচার করে জেলার তিনটি পৌরসভার নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার জন্য আবেদন জানাল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এন সি পি) – র পুরুলিয়া জেলা কমিটি। নতুন বছর (২০২২)-এর ফেব্রুয়ারিতেই রাজ্যের পৌরসভাগুলিতে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওমিক্রনের সংক্রমনের কথা মাথায় রেখে সাধারণ মানুষের সুস্বাস্থের স্বার্থে সেই আসন্ন নির্বাচন প্রক্রিয়া যেন পুরুলিয়া জেলার তিনটি পৌরসভাতে স্থগিত রাখা হয়, এই মর্মে দলের জেলা কমিটির পক্ষে সোমবার জেলা শাসককে তাঁরা লিখিত আবেদন জানিয়েছেন বলে জানান এন সি পি-র জেলা সভাপতি সহিদ আনসারি।
সহিদ আনসারি বলেন, চলতি মাসেই কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়েছে। নির্বাচন পূর্ববর্তী সময়ে ওমিক্রন-এর সংক্রমণের হার নিতান্ত কম থাকলেও আমরা দেখেছি, নির্বাচনের পরেই গোটা কলকাতা জুড়ে কিভাবে হু হু করে বেড়েছে সংক্রমণের সংখ্যা। তিনি আরো দাবি করেন, একইভাবে আমরা আশঙ্কা করছি, পুরুলিয়া জেলার তিনটি পৌরসভাতে নির্বাচন হলে কলকাতার মতই এই জেলাতেও ব্যাপক হারে সংক্রমণ ছড়াবে। ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার হবেন সাধারণ মানুষ। তাছাড়া দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সবেমাত্র খুলেছে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়ের মাত্র দুটি শ্রেণী। সংক্রমণ এড়াতে যেখানে বিদ্যালয়গুলিই সম্পূর্ণরূপে খুলতে সাহস পায়নি রাজ্য সরকার, সেখানে নির্বাচনের সিদ্ধান্ত কি করে নিতে পারে? প্রশ্ন সহিদ আনসারির। সহিদ আনসারির বক্তব্য, বিগত দিনে করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রকোপে জেলাজুড়ে বহু মানুষের জীবনহানি ঘটেছে। একমাত্র উপার্জনশীলের মৃত্যুতে বহু পরিবারে নেমে এসেছে অন্ধকার। তার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেকথা মাথায় রেখেই আমরা দলের পক্ষে জেলা শাসককে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার লিখিত আবেদন জানিয়েছি, দাবি এন সি পি জেলা সভাপতির। সোমবার সহিদ আনসারি ও জেলাতে দলের সাধারণ সম্পাদক সিরাজ আনসারি জেলা শাসক দপ্তরে এই আবেদন জানান।

