নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৬ আগষ্ট ২০২২ঃ

ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি ব্রাঞ্চের গ্রাহক সহ পুরুলিয়া শহরের মানুষজনদের সাথে জনসংযোগ বাড়াতে এবার বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন শুরু করল এইচ ডি এফ সি ব্যাঙ্কের পুরুলিয়া ব্রাঞ্চ। গতকাল (বৃহস্পতিবার) ব্যাঙ্কের রাঁচিরোড স্থিত ব্রাঞ্চ অফিসে নিজেদের গ্রাহকদের নিয়ে বাড়ির ছাদে কিভাবে বাগান করা যাবে, সেবিষয়ে একটি সেমিনারের আয়োজন করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে ব্যাঙ্কের পুরুলিয়া ব্রাঞ্চকে সহযোগিতা করে জেলা হর্টিকালচার দপ্তর। সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনার পাশাপাশি ২৫ জন গ্রাহকের হাতে আমগাছও তুলে দেওয়া হয় ব্যাঙ্কের তরফে। পুরুলিয়া এইচ ডি এফ সি ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, জেলা হর্টিকালচার দপ্তরের কাছ থেকেই এই আমগাছগুলি পাওয়া গিয়েছে। এগুলি ছাদের ওপর লাগানো যাবে বলেও জানা যায়। বৃহস্পতিবার “হাও টু বিল্টআপ ইওর রুফটপ গার্ডেন” শীর্ষক এই সেমিনারে বিষয়টির বিভিন্ন দিকগুলি সম্পর্কে জায়ান্ট স্ক্রিনে গ্রাহকদের ছবি দেখানো সহ বিস্তারিত আলোচনাও করা হয় বলে জানা গিয়েছে।

এছাড়াও, কয়েকদিন আগেই শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক শিবিরেরও আয়োজন করে এইচ ডি এফ সি ব্যাঙ্ক। ব্যাঙ্কের পুরুলিয়া শাখার ম্যানেজার বিপ্লব কুমার মন্ডল বলেন, ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি জনসংযোগ বাড়ানো ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই ব্যাঙ্কের তরফে এই ধরনের কর্মসূচির আয়োজন করা শুরু হয়েছে। ভবিষ্যতে এরকম আরো বহু সামাজিক কর্মসূচি ব্রাঞ্চের পক্ষে গ্রহন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page