নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ পুরুলিয়া শহরের নামোপাড়া স্থিত ‘নীলকন্ঠ নিবাসে’ আজ সকালে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবসটি অত্যন্ত শ্রদ্ধা ও আড়ম্বরের সাথে পালিত হল। প্রসঙ্গত উল্লেখ্য, প্রয়াত নীলকন্ঠ চট্টোপাধ্যায় ছিলেন একাধারে অন্যতম স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক এবং সর্বোপরি পুরুলিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান। আরো উল্লেখ্য, ১৯৩৯ সালের ডিসেম্বর মাসে নিজের পুরুলিয়া তথা মানভূম সফরকালে নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের অনুরোধে নামোপাড়ার নীলকন্ঠ নিবাসে আতিথ্য গ্রহন করেন নেতাজী। পরদিন নেতাজী জুবিলি ময়দানে সভাও করেন। বৃহস্পতিবার অনুষ্ঠানে সেইসব ঐতিহাসিক ঘটনার কথা নিজের বক্তব্যে উল্লেখ করে ভাবুক হয়ে পড়েন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি। তিনি আরো বলেন, আজ আমি যে পদে বসছি, তাতে প্রতিদিনই নীলকন্ঠ বাবুর স্মৃতি স্মরণ হয়। নেতাজীর প্রতিকৃতি সহ নীলকন্ঠ নিবাসে নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের আবক্ষ মুর্তিতেও এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন পৌরপ্রধান, এ ডি এম (এল আর) রাজেশ রাঠোর সহ বিশিষ্ট জনেরা। পৌরপ্রধান এদিন নিজের বক্তব্যে নীলকন্ঠ নিবাস-কে পুরুলিয়ার একটি হেরিটেজ ভবনে রূপান্তরের বিষয়ে প্রস্তাব দেওয়ার পাশাপাশি সবরকম সাহায্যেরও আশ্বাস দেন। একইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ভূমি ও ভূমি সংস্কার দফতরের এ ডি এম রাজেশ রাঠোরও এদিন নিজের বক্তব্যে নীলকন্ঠ নিবাস-কে হেরিটেজ ভবনে উন্নীত করতে যাবতীয় সরকারি ও আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশভক্তিমূলক সঙ্গীতের ছটায় এদিনের অনুষ্ঠানের উদ্বোধন এক অন্য মাত্রায় উপনীত হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page