নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারঃ শুরু হওয়ার কথা সকাল ১০ টা থেকে। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে সাধারণত নাগরিকরা যে শুরু হওয়ার বহু আগে থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন, তেমনই বাস্তব অভিজ্ঞতার ছবিই সবসময় দেখা গিয়েছে। কিন্তু আজ, শুক্রবার পুরুলিয়া রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের দুয়ারে সরকার ক্যাম্পের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ক্যাম্প দুপুর ১২ টা পর্যন্ত চালু না হওয়ায় ক্ষোভ দেখা গেল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের মধ্যে। প্রসঙ্গত পুরুলিয়া পৌরসভার উদ্যোগে আজ (২৪ জানুয়ারি ২০২৫) থেকে পুনরায় শুরু হল ‘দুয়ারে সরকার’। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষ রীতিমত বিজ্ঞাপন করে যথেষ্ট প্রচারও সেরেছে শহরজুড়ে। এদিন রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ২,৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ক্যাম্প। বিগত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডার, জাতি শংসাপত্র, মিউটেশন এবং জমির বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ক্যাম্প গুলিতে বেশি ভিড় হয়। এদিকে দুপুর ১২ টা পর্যন্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ক্যাম্পে কোন কর্মী বা আধিকারিক না পৌঁছনয় জটিলতার সৃষ্টি হয় এদিন। এ বিষয়ে পৌরপ্রধান নবেন্দু মাহালির বক্তব্য, ভূমি দপ্তরের সঙ্গে জেলা প্রশাসনিক দপ্তরের সমন্বয়ের অভাবে এদিনের ক্যাম্পের চিঠি আগে পৌঁছয় নি সংশ্লিষ্ট দপ্তরে। আজই তারা চিঠি পেয়েছে। ভূমি দপ্তরের আধিকারিক অবিলম্বে ক্যাম্পের জন্য দপ্তরের কর্মীদের পাঠাচ্ছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে এবার দুয়ারে সরকার ক্যাম্পে পৌরসভার নতুন পদক্ষেপ স্বাস্থ্য, সাফাই, বিদ্যুৎ, জল সরবরাহ সহ পৌরসভার বিভিন্ন পরিষেবা প্রদানকারী দপ্তরের কর্মী ও আধিকারিক এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে ক্যাম্পের সম্পূর্ণ সময় তিনি নিজে উপস্থিত থাকবেন বলেও জানান পৌরপ্রধান। তিনি আরো বলেন, সাধারণ নাগরিকদের কথা শোনার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন নবেন্দু মাহালি।

শেয়ার করুন

You cannot copy content of this page