নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ
আজ, বৃহস্পতিবার সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের কচিকাচা পড়ুয়াদের জেলা বিজ্ঞান কেন্দ্র ও সুরুলিয়া মিনি জু-তে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যান বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজ্যোতি চক্রবর্তী বলেন, স্কুলের কচিকাচারা জেলা বিজ্ঞান কেন্দ্রে এসে খুব খুশি হয়েছে এদিন। তিনি আরো জানান, পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে প্রতিবছরই তাদের জেলা বিজ্ঞান কেন্দ্রে নিয়ে আসা হয়। বিজ্ঞান কেন্দ্রের তারা মন্ডল শো-এর মাধ্যমে এদিন রাতের আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের সঙ্গে তাদের পরিচয় করানো হলে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও কেন্দ্রের বিভিন্ন বিজ্ঞান শো-এরও অনাবিল আনন্দও এদিন উপভোগ করেছে কচিকাচারা। স্কুলের তরফ থেকে বিজ্ঞান কেন্দ্রের মাঠে এদিন পড়ুয়াদের মাংস-ভাত-চাটনি খাওয়ানোর পর সুরুলিয়া মিনি জু-তে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেও বিভিন্ন জন্তু জানোয়ার দেখে বিশেষভাবে আনন্দিত হয়েছে বাচ্চারা বলে জানান প্রধান শিক্ষক।



