নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ মার্চ ২০২৪:

একগুচ্ছ দাবি নিয়ে আজ ঝালদা-১, আড়ষা ও বাঘমুন্ডি ব্লকে পদযাত্রার আয়োজন করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটি। মূলত, সকলের জন্য কাজ, বাঁচার মত মজুরি, ফসলের ন্যায্য দাম, জেলা ভিত্তিক প্যানেল গঠনের মাধ্যমে জেলার সমস্ত শূণ্য পদে শিক্ষক নিয়োগ, আদিবাসী সম্প্রদায়ের মানুষের জল-জমি-জঙ্গলের প্রকৃত অধিকার রক্ষা, ষাটোর্ধ মানুষের জন্য পেনশন চালু, পুরুলিয়া উন্নয়ন পর্ষদ গঠন সহ আরো একাধিক দাবিতে এদিন পদযাত্রা করেন দলীয় কর্মী-সদস্যরা। কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একযোগে এদিন পদযাত্রা থেকে শ্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা। এদিন পদযাত্রা থেকে সন্দেশখালীর ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতেও সোচ্চার হয়েছে ফরওয়ার্ড ব্লক। দলীয় সূত্রে খবর, জীবনডি মোড় থেকে শিরকাবাদ, কালীমাটি মোড় থেকে বাঘমুন্ডি এবং জারগো মোড় থেকে তুলিন পর্যন্ত এদিন একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রায় পা মেলান ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধীরেন্দ্রনাথ মাহাত, দেবরঞ্জন মাহাত, জয় সিং মাহাত, সুধাকর প্রসাদ প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page