নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ১৮ মার্চ ২০২৪:
বলরামপুর থানার রসুলডি গ্রামের হাতিম আনসারী নামে বছর পঞ্চাশের এক ব্যাক্তিকে কেউ বা কারা অপহরণ করেছে, রবিবার সন্ধ্যায় বলরামপুর থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অপহৃত ব্যক্তির ভাই খুরশিদ আনসারী। সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ রসুলডি গ্রামে হাতিম আনসারির স্ত্রী ও মেয়েরা জানায় রবিবার বিকাল পৌনে ছ’টা নাগাদ পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের ঝিমড়ি থেকে প্রতিদিনের মতো মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন হাতিম আনসারী। বলরামপুর থানার রসুলডি গ্রামের প্রান্তে অবস্থিত কবর স্থান এলাকায় পৌঁছালে কয়েক জন মিলে হাতিম আনসারীকে জোর পূর্বক অন্য একটি ছোট গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।ঘটনায় রসুলডি গ্রামেরই একটি পরিবার জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। রাতেই বলরামপুর থানায় লিখিত অভিযোগ করেন অপহৃত ব্যাক্তির ভাই। অভিযোগের ভিত্তিতে বলরামপুর থানার পুলিশ একটি মামলা রুজু করে অপহৃত ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছেন।
শেয়ার করুন