নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪:
বৃহস্পতিবার পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত বড়দহ গ্রামে আনুমানিক সন্ধ্যা ৬:৪০ নাগাদ হঠাৎ উত্তম মণ্ডল নামে জনৈক যুবকের উপর গ্রামের নিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ঘটনাস্থলে আক্রান্ত উত্তম মন্ডলকে বাঁচাতে গিয়ে বকুল মন্ডল নামে অপর এক যুবক গুরুতর আহত হয়। তার ওপরও ধারালো অস্ত্রে আঘাত করা হয়।। খবর পেয়ে তড়িঘড়ি মানবাজারের এসডিপিও বরুন বৈদ্য ও বরাবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ দুই আহত ব্যক্তিকে বড়দহ গ্রাম থেকে উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে, চিকিৎসক উত্তম মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে। অপর আহত বকুল মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়খণ্ডে স্থানান্তরিত করা হয়। মৃতের স্ত্রী সোনামণি মন্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিজিৎ মণ্ডলকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান দুই পরিবারের মধ্যে পুরনো বিবাদের জেরে এই খুনের ঘটনা হয়ে থাকতে পারে। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত নিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু হয়। অভিযুক্তকে শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়।
