নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৫ মে ২০২৪:
শোষণ মুক্ত অর্থনীতি ও সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রবক্তা তথা একাধারে বিশিষ্ট অর্থনীতিবিদ, ইতিহাসবিদ ও সমাজ সংস্কারক কার্ল মার্ক্স-এর ২০৭ তম জন্মদিবস পালন করল সিপিআইএম। আজ, পুরুলিয়া পৌরসভা চত্বরের জুবিলি ময়দানে কার্ল মার্ক্সের পূর্ণাবয়ব মুর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে সিপিআইএম-এর দলীয় নেতা-কর্মী-সদস্যরা শ্রদ্ধা জানান সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার শ্রষ্টাকে। পুষ্পার্ঘ অর্পণ করেন জেলার অন্যতম প্রবীণ বামপন্থী নেতা নিখিল মুখার্জি, কৃষ্ণপদ বিশ্বাস, হারাধন বন্দ্যোপাধ্যায়, সৌম্যদীপ মল্লিক, বামপন্থী শিক্ষক নেতা বিভূতি পরামাণিক, প্রণব মুখার্জি সহ আরো অনেকে। মার্ক্সের মুর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দলীয় সদস্য নিলয় মুখার্জি, বিমলেন্দু কোনার, অমল চট্টোপাধ্যায় সহ বিভিন্ন বামপন্থী শাখা সংগঠনের সদস্য ও সিপিআইএম-এর দুই এরিয়া কমিটির সদস্যরাও।
মার্ক্সের মুর্তিতে শ্রদ্ধা জ্ঞাপনের পরই এদিন একটি অতি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মার্কসীয় দর্শন ও বর্তমান সামাজিক পরিস্থিতিতে তার গুরুত্ব বিষয়ে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন জেলার অন্যতম প্রবীণ বামপন্থী নেতা তথা প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিখিল মুখার্জি। কৃষক ও শ্রমিক শ্রেণীর যৌথ সংগ্রামের বিষয়ে মার্ক্সের মতবাদের আলোচনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মার্কসীয় দর্শনের সুনির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচনে দলের অংশগ্রহনের বিষয়টিও এদিন বিশদে ব্যাখ্যা করেন নিখিল বাবু। তিনি বলেন দেশে বর্তমানে বিজেপির মত ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক শক্তির অপশাসন চলছে। যারা প্রতিনিয়ত দেশের সংবিধান ও দেশের জনগণকে ধ্বংস করছে। নিখিল মুখার্জি আরো বলেন, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও বিজেপির সঙ্গে একেবারে সমনীতি ও সম আদর্শেই শাসন চালাচ্ছে। এই ভীষণ রাজনৈতিক অবক্ষয়ের সময় এই দুই দলের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলে বাম-কংগ্রেস ও গণতান্ত্রিক জোট প্রার্থীদের সমর্থনে এগিয়ে আসতে সাধারণ মানুষকে এদিন আহ্বানও করেন সিপিআইএম-এর পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক নিখিল মুখার্জি।
শেয়ার করুন