নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩:
আজ, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। কোটশিলায় মিছিল ও পথসভার মাধমে দিনটিকে পালন করল বামপন্থী মহিলা সংগঠন “অগ্রগামী মহিলা সমিতি”-পুরুলিয়া জেলা শাখা। সংগঠন সূত্রে জানা গিয়েছে, এবার মানবাধিকার দিবসের ৭৫ বর্ষ। ১৯৪৮ সালে রাস্ট্রসংঘ দিনটিকে “বিশ্ব মানবাধিকার দিবস” হিসেবে চিহ্নিত করে। ১৯৯৩ সালে ভারতে মানবাধিকার আইন চালু হয়, গঠিত হয় মানবাধিকার কমিশন। ১৯৯৫ সালে মানবাধিকার কমিশন গঠিত হয় পশ্চিমবঙ্গে।
রবিবার কোটশিলার পথসভা থেকে নিজেদের বক্তব্যে সংগঠনের বক্তারা দাবি করেন, আমাদের দেশে মানবাধিকার আজও সুরক্ষিত নয়। তীব্র অর্থনৈতিক বৈষম্য, বিপুল পরিমাণে কর্মসংস্থানের অভাব, অশিক্ষা, সমাজের জাতিভেদ প্রথা, দমন-পীড়ন, পনপ্রথা, বাল্যবিবাহ সহ একগুচ্ছ কারণের জন্যই ভারতে আজও সকল শ্রেণীর মানুষের মানবাধিকার সুরক্ষিত করা সম্ভব হয় নি বলে এদিন পথসভা থেকে সংগঠনের বক্তারা দাবি করেন। পথসভায় রবিবার অগ্রগামী মহিলা সমিতির পুরুলিয়া জেলা সম্পাদিকা সুজাতা সিনহা ছাড়াও বক্তব্য রাখেন পুষ্প মাহাত, প্রিয়ংবদা সেনগুপ্ত সহ অন্যান্য নেত্রীবৃন্দ।





