নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪:
বৃহস্পতিবার বিকাল নাগাদ খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বলরামপুর থানার নেকড়ে টোলা মুদিডি এলাকায়। ঘটনাস্থলে পুরুলিয়া দমকলের একটি ইঞ্জিন। জানা গেছে শীতের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ ছোট বাচ্ছারা বাড়ির উঠানে আগুন পোহানোর জন্য জ্বালানো আগুন থেকে আচমকা খড়ের গাদায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন সারা খড়ের গাদায় ছড়িয়ে পড়ে তবে স্থানীয় মানুষজন কাছাকাছি কুয়ো ও পুকুর থেকে জল এনে তড়িঘড়ি ঝাঁপিয়ে পড়েন আগুন নেভানোর কাজে ,যার ফলে খড়ের গাদার পাশেই থাকা একাধিক বাড়িকে আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। পাশাপাশি বলরামপুর থানার পুলিশের সহায়তায় পুরুলিয়া দমকলে খবর দেওয়া হলে ঘন্টা দেড়েক পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে।
শেয়ার করুন