নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ঃ

আজ, শুক্রবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিল পুরুলিয়া পৌরসভার সাফাই কর্মীরা। এদিন সকালে পুরুলিয়া-বরাকর রোডের গাড়িখানা স্থিত পৌরসভার সাফাই বিভাগের ছাড়ঘরে সাফাই কর্মীরা জমায়েত হয়ে এই সিদ্ধান্ত নেন। সাফাই কর্মীদের মধ্যে সরোজিৎ সামুয়েল, বাসুদেব বাউরি প্রমুখরা বলেন, বিগত দুমাস ধরে তাঁরা বেতন পাননি। পুজোর আগে সেপ্টেম্বর মাসের বেতন শেষ পেয়েছিলেন বলে জানান তাঁরা। সাফাই কর্মী পিন্টু বাউরি, গণেশ কুম্ভকার প্রমুখরা বলেন, বারবার বেতন বকেয়া পড়ায় চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন তাঁরা। এমনকি মুদি দোকানদার, সবজি দোকানদাররা ধারে সামগ্রী দেওয়াও বন্ধ করেছেন বলে দাবি সাফাই কর্মীদের। কারো কারো আরো অভিযোগ, বেতন বকেয়া পড়ার কারনে ছেলে-মেয়ের টিউশনিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাঁরা। সরোজিৎ সামুয়েল ও বাসুদেব বাউরিরা বলছেন, মাঝে মাঝেই একাধিক মাসের বেতন বকেয়া পড়ছে। সাফাই কর্মীরা আন্দোলন বা কর্মবিরতিতে না গেলে বেতন মেটাচ্ছে না পৌরসভা। এবারও বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে বলে দাবি সরোজিৎ সামুয়েলের।

শেয়ার করুন

You cannot copy content of this page