নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ঃ
বাস স্ট্যান্ড সংলগ্ন অটোস্ট্যান্ড স্থানান্তর করার প্রতিবাদে এবং শহরের যত্রতত্র থাকা অন্যান্য অটো স্ট্যান্ডগুলি কেউ সরানোর দাবিতে শুক্রবার পুরানো অটো স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করলেন অটোর মালিক এবং চালকেরা। পরে পুরুলিয়া ট্রাফিক পুলিশ এবং পুরসভার কাউন্সিলার বিভাস রঞ্জন দাসের সঙ্গে আলোচনার পর তারা অবস্থান বিক্ষোভ তুলে নেন। আন্দোলনকারীদের দাবি খতিয়ে থাকা রাস্তা দিয়েছেন কাউন্সিলর।
এদিন আন্দোলনকারী আনন্দ দত্ত বলেন, প্রায় ৩৫ বছরের অটোস্ট্যান্ড স্থানান্তর করা হয়েছে। আমরা কোন আপত্তি করিনি। কিন্তু পুরসভার চেয়ারম্যান এবং পুলিশ আশ্বাস দিয়েছিল শহরের অন্য কোথাও যত্রতত্র অটোস্ট্যান্ড থাকবে না। কিন্তু সেই আশ্বাস পূরণ হলো না। আমরা দূরে চলে গেলেও শহরের বিভিন্ন জায়গায় অটো স্ট্যান্ড রয়ে গিয়েছে। ফলে আমাদের ব্যবসা মার খাচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছি। এ বিষয়ে পুরুলিয়া পুরসভার কাউন্সিলর বিভাস রঞ্জন দাস বলেন, আন্দোলনকারীদের দাবি শোনা হয়েছে। তাদের সমস্যার বিষয়টি চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মেটানোর চেষ্টা করা হবে।
