নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩:
নিতুড়িয়া ব্লকের বিভিন্ন নদী ঘাট থেকে যথেচ্ছভাবে পাচার হচ্ছে বালি, শুক্রবার ব্লক বিজেপির তরফে এরকমই অভিযোগ করা হয়েছে নিতুড়িয়া ব্লক ভূমি দপ্তরের আধিকারিককে। ব্লক বিজেপির সাংগঠনিক সভাপতি সঞ্জয় গরাঁই এদিন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে তাঁর লিখিত অভিযোগে জানান, নিতুড়িয়া ব্লকের বিভিন্ন নদী ঘাট থেকে বিপুল পরিমাণ বালি অবৈধভাবে উত্তোলন ও রাতের অন্ধকারে পাচার করা হচ্ছে। সঞ্জয় বাবুর আরো অভিযোগ, “বালি মাফিয়াদের” এই কালোবাজারির দৌরাত্ম্যে স্থানীয় মানুষ সঠিক দামে বালি পাচ্ছেন না। কেননা অবৈধ বালি কারবারিরা চড়া দামে বিক্রি করছে বালি। অবিলম্বে বিষয়টিতে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অবৈধ বালি পাচার বন্ধ করার আবেদনও জানিয়েছেন নিতুড়িয়া ব্লকের বিজেপির সাংগঠনিক সভাপতি। এ বিষয়ে নিতুড়িয়ার বি এল অ্যান্ড এলআরও কৌশিক সাহা লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

