নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩:
পশ্চিমবঙ্গ গরাই (তেলি/কুলু) সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে এবং গরাই সমাজের রাঘবপুর ও পুরুলিয়া শহর কমিটির সহযোগিতায় রবিবার সারাদিন ধরে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা ও ছৌ নৃত্য। রাঘবপুর গ্রামের ফুটবল ময়দানে এদিনের ফুটবল প্রতিযোগিতায় মোট ৮ টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হুড়া ব্লক গরাই সমাজ ফুটবল দল এবং দ্বিতীয় স্থান অধিকার করে ঝালদা পৌরসভা গরাই সমাজ ফুটবল দল। প্রতিযোগিতার শেষে এদিন ছৌ নৃত্য অনুষ্ঠানও উপস্থিত দর্শককুলের মন জয় করে। গরাই সমাজ সূত্রে জানানো হয়েছে, এবার এটি তাঁদের চতুর্থ বর্ষের প্রতিযোগিতা। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন বোকারো থেকে ঝাড়খন্ড সরকারের প্রতিনিধি লছমন নায়েক। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, বিশিষ্ট সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব সৌমেন বেলথরিয়া, গরাই সমাজ কমিটির চেয়ারম্যান উজ্জ্বল গরাই, পুরুলিয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তুষ্টু সহিস, রাঘবপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অমিত অধিকারি, গরাই সমাজের রাজ্য কমিটির সম্পাদক মহাদেব গরাই প্রমুখ।


