নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩:

হাতে গুনে ৬ মাসও ভালভাবে পেরয়নি। তার মধ্যেই বেহাল দশা রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রীর। অভিযোগ উঠেছে, ভীষণ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তাটি নির্মাণের। অভিযোগে সরব স্থানীয়রা। কাজে গাফিলতি, প্রশাসনিক প্রদর্শনের অভাবেরও অভিযোগ রয়েছে। বলরামপুর থানার নামশোল থেকে রায়মল বড় মাঠ পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ করা হয় পথশ্রী প্রকল্পে। সরকারি তহবিলের ৫৩ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয় রাস্তাটি। তবে ভালভাবে ৬ মাসও অতিক্রম করেনি। এরই মধ্যে চরম হতশ্রী দশা হয়েছে রাস্তার। বিভিন্ন অভিযোগের সঙ্গে সরকারি তহবিল অপচয়ের অভিযোগ তুলেও সরব হয়েছেন অনেকে। খবর প্রচারিত হয় “রাঙামাটি সংবাদ পুরুলিয়া”-তে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। আজ, বুধবার রাস্তাটির সরেজমিনে পরিদর্শনে যায় বলরামপুর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল। একাধিক কর্মাধ্যক্ষ ও সদস্য এদিন ওই দলে উপস্থিত ছিলেন। রাস্তা নির্মাণে যে অনিয়ম ও কারচুপি হয়েছে, পরিদর্শন শেষে তা কার্যত স্বীকার করে নিয়েছেন দলের সদস্যরা। নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

You cannot copy content of this page