নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ২৩ জুন ২০২২ঃ
স্বামী, শাশুড়ি ও দুই মাসি শাশুড়ির বিরুদ্ধে ঝালদা থানায় নির্যাতনের অভিযোগ আনলেন করমডি গ্রামের গৃহবধূ অগ্নি মাহাত। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, প্রায় ৬ বছর আগে ঝাড়খণ্ডের সিল্লি থানার অন্তর্গত কাঁটাডি গ্রামের মেয়ে অগ্নির সঙ্গে ঝালদা থানার করমডির বাসিন্দা রাজেশের বিয়ে হয়। অভিযোগ, বিবাহের এক বছর পর থেকেই গৃহবধূ অগ্নির উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাত স্বামী রাজেশ মাহাত, শাশুড়ি ফুলেশ্বরী মাহাত এবং শাশুড়ির দুই বোন বীনা মাহাত ও গন্ধেশ্বরী মাহাত। তবু তিনি স্বামীর সঙ্গে থেকেই শ্বশুর ঘর করতেন বলে দাবি অভিযোগকারী গৃহবধূ অগ্নি মাহাতর। এরপর চলতি মাসের ২০ তারিখ গৃহবধূর স্বামী রাজেশ মাহাত অন্য এক মহিলাকে পুনরায় বিয়ে করে ঘরে এনে তোলেন। অভিযোগ, দ্বিতীয় বিবাহ বিষয়ে স্বামীর সঙ্গে কথা বলার পরই অগ্নির উপর নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়ে যায়। এমনি প্রাণে বাঁচতে নির্যাতিতা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন বলেও দাবি। এই পরিস্থিতিতে আইনি হস্তক্ষেপ দাবি করে বুধবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ অগ্নি মাহাত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন