নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত চাকড়া গ্রামের এক গৃহবধূ। বুধবার চাকড়া গ্রামের গৃহবধূ অনিতা মাহাত তাঁর স্বামী নির্মল কুমার মাহাত, দুই দেওর রমাপদ মাহত ও লক্ষণ মাহাত, শ্বশুর গন্ধেশ্বর মাহাত এবং শাশুড়ি রেবতী মাহাতর বিরুদ্ধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, ২০০৭ সালে ঝাড়খণ্ডের চন্দনকেয়ারি থানার অন্তর্গত গণকচাষের বাসিন্দা অনিতার সঙ্গে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত চাকড়া গ্রামের নির্মল কুমারের বিয়ে হয়। বিয়ের পর দুটি পুত্র সন্তানও হয় এই দম্পতির। তবে গৃহবধূ অনিতার উপর বিয়ের পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন অভিযুক্তরা চালাত বলে দাবি। অনিতার অভিযোগ, তাঁর স্বামী নির্মল কুমার মাহাত দীর্ঘদিন ধরেই অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছেন। এতত সত্ত্বেও মুখ বুজে ওই গৃহবধূ স্বামীর ঘর করে যাচ্ছিলেন বলে দাবি অভিযোগকারির। কিন্তু চলতি মাসের ৩ তারিখ আচমকাই ওই পাঁচ অভিযুক্ত অনিতার গায়ে কেরোসিন ঢেলে দেয় এবং দেশলাই জ্বেলে আগুন লাগানোর চেষ্টা করলে অভিযোগকারী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা তাঁকে ছেড়ে দেন বলে দাবি গৃহবধূ অনিতার। তারপর তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চন্দনকেয়ারি থানার গণকচাষে নিজের বাপের বাড়িতে চলে আসেন। সেই থেকে বাপের বাড়িতেই রয়েছেন নির্যাতিতা গৃহবধূ। বুধবার গোটা ঘটনার বিষয়ে আইনানুগ পদক্ষেপ দাবি করে পুরুলিয়া মফস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ অনিতা মাহাত।

শেয়ার করুন

You cannot copy content of this page