নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ

বেপরোয়া ভাবে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারায় গুরুতর জখম হন ওই বাইক আরোহী। আহত ব্যক্তি বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন। বুধবার ওই বাইক আরোহীর দাদা কাশীপুর থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কাশীপুর থানার অন্তর্গত কালিদহ গ্রামের হুচুক পাড়ার বাসিন্দা দীপক বাউরি বুধবার ছাতনা থেকে অন্য এক আত্মীয়র সঙ্গে মোটরবাইক চালিয়ে কাশীপুর ফিরছিলেন। সকাল ১১ টা নাগাদ কাশীপুর-ছাতনা রাস্তায় আঁধার কানালীর কাছে ছাতনাগামী একটি চারচাকা ছোট প্যাসেঞ্জার গাড়ি, যেটি অত্যন্ত দ্রুতগতিতে বেপরোয়া ভাবে চলছিল বলে দাবি, বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে পড়ে গিয়ে বাইক আরোহী দীপক বাউরি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে চিকিৎসার জন্য কল্লোলী হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে আহতকে প্রথমে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়। বর্তমানে আহত কলকাতায় চিকিৎসাধীন। বুধবারই গোটা বিষয়টির বিস্তারিত উল্লেখ করে ঘাতক গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সহ ঘটনায় আইনানুগ পদক্ষেপ চেয়ে কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেন আহত বাইক আরোহীর দাদা বিজয় বাউরি।

শেয়ার করুন

You cannot copy content of this page