নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২ জুন ২০২২ঃ

আজ, বৃহস্পতিবার বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি-সুইসা অঞ্চলের সুইসা রেল স্টেশন সংলগ্ন একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করে ব্যাঙ্ক লেনদেনে স্থানীয়দের যাবতীয় সমস্যা সমাধানের বিষয়ে দ্রুত সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন তৃণমূলের স্থানীয় ও ব্লক নেতৃত্ব।

প্রসঙ্গত গতকাল, বুধবারই ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যাঙ্ক মিত্র স্থানীয় একটি দিনমজুর পরিবারের গৃহবধূর অ্যাকাউন্ট থেকে লক্ষীর ভান্ডারের টাকা তুলে নেয় বলে অভিযোগ ওঠে। এরপর আজ স্থানীয় গরীব ও খেটে খাওয়া মানুষরা যাতে ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনরকম বিপদে বা সমস্যায় না পড়েন, তারজন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি নিয়ে স্থানীয় ও ব্লক তৃণমূলের একগুচ্ছ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। এদিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও ব্লকের দলীয় সূত্রে জানা গিয়েছে।

দলীয় সূত্রে খবর, জানা গিয়েছে, আজ তুনতুড়ি-সুইসা অঞ্চলের প্রধান কিরণ কালিন্দী, অঞ্চল সভাপতি মিহির কুইরি, যুব সভাপতি রাধুকান্ত মাহাতো, সহ সভাপতি সুজয় কুইরি, ছাত্র পরিষদের ব্লক সভাপতি নীতীশ পরামানিক, ব্লক যুব সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সিং দেও সহ জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র কুইরি, যুগল চন্দ্র কুইরিরা ব্যাঙ্ক কর্তৃপক্ষে সঙ্গে সাক্ষাৎ করেন। পঞ্চায়েত প্রধান কিরণ কালিন্দী বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর স্থির হয়েছে আগামীকাল থেকে কোনো ব্যাঙ্ক মিত্র থাকবে না। এমনকি ওই ধরণের ব্যক্তিদের ব্যাঙ্কের ভিতর দালালি করাও চলবে না বলে দাবি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই কর্তৃপক্ষ নিজেরা গ্রাহকদের কেওযাইসি সহ যাবতীয় তথ্য আপটুডেট করবেন। কর্তৃপক্ষকে নিয়মিত গ্রাহকদের ব্যাঙ্ক খাতা আপটুডেট করে দিতে হবে। এমনকি দ্রুত ব্যাঙ্ক পরিষেবার সরলীকরণে এ টি এম মেশিন বসানোর ব্যবস্থাও করতে হবে বলে দাবি জানানো হয়েছে বলে বলেন প্রধান কিরণ কালিন্দী।

দলীয় সূত্রে খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর গোটা বিষয়টি বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতকেও সবিস্তারে জানানো হয়েছে। অন্যদিকে ব্যাঙ্কের ম্যানেজার হিমপ্রিত টিগগা বলেন, অভিযোগকারী তারা কর্মকারের অ্যাকাউন্টটিতে ৫০০/- টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক পরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যার দ্রুত সমাধানের বিষয়ে চেষ্টা করা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page