নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ
“বিয়ের পিঁড়ি নয়, স্কুলের ক্লাস রুম আমার জায়গা, আমি কন্যাশ্রী”, “দেখব এবার জগতটাকে/বাল্য বিবাহ বন্ধ রেখে”, কিংবা “আমি কন্যাশ্রী, আমাকে পড়তে লিখতে দিন” ইত্যাদি এরকম হরেক প্ল্যাকার্ড, পোস্টার, ফেস্টুন হাতে শুক্রবার গাগী গ্রামের হরি মন্দির প্রাঙ্গণে জড়ো হল স্থানীয় বিদ্যালয়ের ছাত্রীরা। কিশোরী ছাত্রীদের চোখেমুখে যেন ঝলক দিয়ে উঠছে ভবিষ্যৎকে জয় করার এক অদম্য ইচ্ছা। বৃষ্টি উপেক্ষা করে এদিন এইসব স্কুল ছাত্রীদের শরীরের ভাষায় ফুটে উঠেছে নিজেদের ওপর অগাধ আত্মবিশ্বাস। প্রসঙ্গত, বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি-সুইসা অঞ্চলের প্রত্যন্ত গাগী গ্রামে আজ, শুক্রবার বাল্য বিবাহ রোধে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। গাগীর হরি মন্দির প্রাঙ্গণে এদিন এই শিবিরের উদ্যোক্তা ছিল বাঘমুন্ডি ব্লক ও বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি। শিবিরে এদিন রীতিমত হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন সহ উপস্থিত হয় স্থানীয় বিদ্যালয়ের ছাত্রীরা। এদিনের শিবিরে বাঘমুন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ ও বাঘমুন্ডি থানার আই সি সুব্রত সরকার সহ অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বাল্য বিবাহের কুফল, এর আইনানুগ বাধার দিক এবং সর্বোপরি বর্তমান সমাজে মহিলাদের লেখাপড়ার গুরুত্ব বিষয়ে বিশদে আলোচনা করেন। গ্রামের বাসিন্দা তথা ক্রীড়াবিদ নরোত্তম কুইরি বলেন, আমাদের গাগীর মত প্রত্যন্ত গ্রামে বহু ক্ষেত্রেই মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। তাই ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এরকম শিবিরের আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এদিন এই শিবিরে গোটা গ্রামের পুরুষ ও মহিলাদের সমাগম ছিল চোখে পড়ার মতো। এই ধরনের উদ্যোগ গ্রহনের জন্য গ্রামবাসীরা এদিন ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকদের ভূয়সী প্রশংসা করেন।







