নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ২৫ জুন ২০২২ঃ

অযোধ্যার রাঙা অঞ্চলের অযোধ্যা হাইস্কুল প্রাঙ্গণে শুক্রবার খাওয়ানোর দিবস পালন করলেন “আমরা ফ্যামিলি” ফেসবুক গ্রুপের সদস্যরা। এদিন স্থানীয় গরীব মানুষজনদের বসিয়ে খাওয়ানোর পাশাপাশি শুকনো খাবার, রেশন ও অন্যান্য ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানের শুভারম্ভ করেন দমদম সেন্ট্রাল জেলের ডি আই জি নবীন কুমার সাহা। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয় এদিন। পরে স্থানীয় আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

“আমরা ফ্যামিলি” ফেসবুক গ্রুপের পক্ষে রাজা মুখার্জি বলেন, যে দেশে ৩০ শতাংশ মানুষ অনাহারে দিন কাটান, সেখানে বছরে একদিন তাদের খাওয়ানোর উদ্দেশ্যেই এই অনুষ্ঠান। বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন জায়গায় তাঁরা এই অনুষ্ঠান করে আসছেন বলে জানিয়েছেন গ্রুপের সদস্যরা। শুক্রবার রাঙা সহ আশপাশের ৯ টি গ্রামের প্রায় দেড় হাজার মানুষকে বসিয়ে খাওয়ানোর পাশাপাশি প্রায় ৫০০ জন গরীব মানুষকে শুকনো খাবার, এক সপ্তাহের রেশন ও অন্যান্য ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে বলে জানান আমরা ফ্যামিলি গ্রুপের রাজা মুখার্জি।

শেয়ার করুন

You cannot copy content of this page