নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২৫ জুন ২০২২ঃ

এক দম্পতিকে কুঠারের বাঁট দিয়ে মেরে আহত করার লিখিত অভিযোগ জমা পড়ল টামনা থানায়। টামনা থানা সূত্রে জানা গিয়েছে, টামনা থানার অন্তর্গত তেলেডি গ্রামের বাসিন্দা সুফারি গোপ গ্রামেরই বাসিন্দা কালীপদ গোপ ও ধেনুক গোপের বিরুদ্ধে বৃহস্পতিবার এই অভিযোগ করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ সুফারি গোপের খামার বাড়ি থেকে গাছ কেটে নিচ্ছিলেন অভিযুক্ত দুই ব্যক্তি। অভিযোগ, সুফারি গোপ ও তাঁর স্ত্রী অরি গোপ বাধা দিতে গেলে অভিযুক্ত কালীপদ গোপ ও ধেনুক গোপ কুঠারের বাঁট দিয়ে ওই দম্পতিকে বেদম প্রহার করে। তাতে সুফারি গোপের মাথা ফেটে রক্তপাত শুরু হয় এবং তাঁর স্ত্রীর বাঁ হাত গুরুতর জখম হয়। আহত দম্পতির চিৎকারে আত্মীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি। এরপর আত্মীয়রাই আহতদের চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেদিন থেকে ২০ জুন পর্যন্ত ওই আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে দাবি অভিযোগকারির। বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে টামনা থানায় অভিযোগ দায়ের করেন সুফারি গোপ।

শেয়ার করুন

You cannot copy content of this page