নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শনিবার, ২৫ জুন ২০২২ঃ
বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ মানবাজার থানার ইন্দকুঁড়ি মোড়ে মোটরবাইক সহ এক বেপরোয়া বাইক চালককে গ্রেপ্তার করল মানবাজার থানার টহলদারি পুলিশ দল। বাইক চালকের কাছে বাইকের কোন বৈধ নথি না থাকায় মোটরবাইকটিও আটক করা হয়েছে বলে মানবাজার থানা সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দ্বিজপদ কুম্ভকার (৪০)। তার বাড়ি মানবাজার থানার অন্তর্গত কদমা গ্রামে।
জানা গিয়েছে, ওইদিন বিকেলে মানবাজার থানার এস আই বংশীধর মুখার্জির নেতৃত্বে ইন্দকুঁড়ি মোড়ের কাছে ডিউটিতে ছিলেন থানার টহলদারি পুলিশ দল। সেসময় ওই ব্যক্তি চক্ বাজার মোড়ের দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে ও বেপরোয়া ভাবে বাইক চালিয়ে আসছিলেন। তাঁর মাথায় হেলমেটও ছিল না। ইন্দকুঁড়ি মোড়ের কাছে কর্তব্যরত পুলিশ তাঁকে দাঁড়াতে বললে পুলিশকে পাশ কাটিয়ে জোরে বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। টহলদারি পুলিশ কোনক্রমে ধরে ফেলেন। ওই ব্যক্তির কাছ থেকে বেপরোয়া গাড়ি চালানোর কোন যুক্তিসঙ্গত কারন খুঁজে পায়নি পুলিশ। মোটরবাইকটির কোন বৈধ নথিও দেখাতে পারেন নি অভিযুক্ত বলে দাবি পুলিশের। পুলিশের আরো দাবি, যেভাবে ওই ব্যক্তি বাইক চালাচ্ছিলেন তাতে সংশ্লিষ্ট জনবহুল এলাকাটিতে যেকোন বিপদ ঘটতে পারত। এরপরই ট্রাফিক আইন অমান্য, পুলিশের কাজে বাধা, বেপরোয়া গাড়ি চালানো সহ বিভিন্ন অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। বাইকটিকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন