নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২৫ জুন ২০২২ঃ
প্রতারণার নতুন ছক কষেছে প্রতারকরা। আর সেই ছকের মাধ্যমে জনসাধারণের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চলে যাচ্ছে প্রতারকদের কাছে। যা দিয়ে তারা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে সমস্ত টাকা। শনিবার পুরুলিয়া শহরজুড়ে ঘুরে ঘুরে প্রতারকদের এই নতুন কৌশলের বিবরণ দিয়ে মাইকিং করে পুরুলিয়ার জনসাধারণকে সাবধান করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানা।
জানা গিয়েছে, প্রতারকরা বিভিন্ন মোবাইল গ্রাহকদের ফোনে মেসেজ পাঠিয়ে জানাচ্ছে, “আপনার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সমস্যা সমাধানে তারা মেসেজের সঙ্গে পাঠাচ্ছে একটি লিঙ্ক। গ্রাহকরা সেই লিঙ্ক ক্লিক করলেই ফোনে ডাউনলোড হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন (অ্যাপ)। আর তাতেই প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে ওই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। এভাবেই প্রতারকরা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে বলে সাইবার ক্রাইম থানার পুলিশ এদিন জানিয়েছে। তাই এধরনের যেকোন মেসেজকে বিশ্বাস করতে নিষেধ করে ওইসব অ্যাপ গুলি ডাউনলোড করা থেকে বিরত থাকতে এদিন প্রচার করে পুরুলিয়া সাইবার ক্রাইম থানা। থানা সূত্রে খবর, মূলত তিনটি এই ধরনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) – এর প্রয়োগ করে প্রতারণা করছে প্রতারকরা। সেই তিনটি অ্যাপ ডাউনলোড করতে এদিন পুলিশের প্রচারে বিশেষ ভাবে নিষেধ করা হয়।

