নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ২৫ জুন ২০২২ঃ

অযোধ্যা পাহাড়ের আদিবাসী জনগণের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়ন ও ধান চাষের জনপ্রিয়তা বৃদ্ধি করতে আজ সি এ ডি সি-র মাধ্যমে উন্নত মানের ধান বীজ বিতরণ করল পুরুলিয়া জেলা প্রশাসন। এদিন পাহাড়ের সি এ ডি সি-র ভবনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মুফতি সামিম সৌকত, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম মাহাত সহ সি এ ডি সি-র আধিকারিকরা। এদিন ধান বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে জেলাশাসক রজত নন্দা ও জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, মূলত পাহাড়ের বাসিন্দাদের স্বাবলম্বী করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলাতে জলের সমস্যা থাকায় সাধারণত ধান উৎপাদনের পরিমাণ কম। তবে এদিন যে উন্নত মানের বীজ স্থানীয়দের দেওয়া হয়, তার চাষ করে চাষীরা উপকৃত হবেন। জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতি এদিন স্থানীয়দের মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে সবজি চাষেও উৎসাহিত করেন। প্রয়োজনে চাষের বিষয়ে সবরকম প্রশিক্ষণ সি এ ডি সি-র মাধ্যমে দেওয়া হবে বলেও জানান তাঁরা। সুজয় বন্দ্যোপাধ্যায় এদিন পাহাড়ের মানুষদের উদ্দেশ্যে বলেন, মূলত তাঁদের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই সরকার এই কর্মসূচি গ্রহন করেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page