নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৬ জুন ২০২২ঃ
রবিবার পুরুলিয়া স্টেশনের আর পি এফ পোস্টের আধিকারিকরা ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া বহু মূল্যবান সামগ্রী পূর্ণ একটি ব্যাগ ট্রেন থেকে উদ্ধার করে ব্যাগের মালিককে ফিরিয়ে দিলেন। পুরুলিয়া আর পি এফ থানার এই কাজে প্রশংসায় পঞ্চমুখ ব্যাগের মালিক। পুরুলিয়া রেল পুলিশ সূত্রে এদিন জানা গিয়েছে, গতকাল, শনিবার আদ্রা রেলের স্যাটেলাইট কমিউনিকেশন নেটওয়ার্ক ল্যাবরেটরির মাধ্যমে পুরুলিয়া স্টেশনে খবর আসে যে, ১২৮২৭ নম্বর হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে এক যাত্রীর নীল রঙের একটি লেডিস ব্যাগ ছেড়ে গিয়েছে। খবর মত রাত্রি সাড়ে দশটা নাগাদ পুরুলিয়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার পর ব্যাগটি খোঁজা শুরু করে পুলিশ। পুরুলিয়া আর পি এফ পোস্টের এস আই এ কে পাশোয়ান, এ এস আই আর রঞ্জন এবং হেড কনস্টেবল এস কে সাঁসি ট্রেনের সি-২ কামরার বাথরুম থেকে উদ্ধার করেন ব্যাগটি। আর পি এফ সূত্রে জানা গিয়েছে, ব্যাগটিতে সোনার হার, মোবাইল ফোন, চশমা, নগদ ১৮ হাজার টাকা ইত্যাদি সহ মোট প্রায় ৫৬ হাজার টাকার সামগ্রী ছিল। আজ, রবিবার বাঁকুড়ার বাসিন্দা সঙ্গীতা আগরওয়াল সেই ব্যাগটি নিতে আসেন পুরুলিয়ায়। বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর উপযুক্ত তথ্য প্রমাণ দেখে ওই ব্যাগের মালিক হিসেবে তাঁর বিষয়ে নিশ্চিত হওয়ার পর সামগ্রী সহ ব্যাগটি মালিকের হাতে তুলে দেওয়া হয় বলে পুরুলিয়া আর পি এফ সূত্রে খবর। সামগ্রী সহ ব্যাগ ফেরত পেয়ে এদিন আর পি এফ পুলিশের বিশেষ প্রশংসা করেন সঙ্গীতা দেবী।


