নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ২৭ জুন ২০২২ঃ

ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের টেবিলে পড়ে থাকা টাকা ভর্তি ব্যাগ হাতানো ব্যাক্তির ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার দুপুর ২ টো নাগাদ ঝালদার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র (সি এস পি)-তে মহিলা সমিতির টাকা জমা করতে আসেন কোটশিলা থানার গড়িয়াটাঁড়ের জয়ীতা গোস্বামী। জমা করার জন্য একটি ব্যাগে ত্রিশ হাজার টাকা নিয়ে এসেছিলেন তিনি। এরপর টাকা ভর্তি ব্যাগটি সি এস পি সেন্টারের টেবিলে রেখে ব্যাঙ্কের কাজ করার জন্য ব্যাগটি ছেড়েই বেরিয়ে যান। পরে ফিরে এসে দেখেন, টাকা ভর্তি ব্যাগটি নেই। এরপরই সি এস পি সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখা হয়। দেখা যায় সাদা গেঞ্জি পরিহিত এক ব্যক্তি ওই ব্যাগটি নিয়ে সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে। গোটা বিষয়টি জানিয়ে এরপরই ঝালদা থানায় লিখিত অভিযোগ জানান জয়ীতা গোস্বামী। জানা গিয়েছে, গ্রাহক পরিষেবা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page