নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ২৭ জুন ২০২২ঃ

২০-২৫ জন সঙ্গীকে নিয়ে দুই ট্যাক্সি ড্রাইভারকে মারধরের অভিযোগ জমা পড়ল পুরুলিয়া টাউন থানায়। শনিবার শহরের ট্যাক্সি স্ট্যান্ডের ট্যাক্সি ড্রাইভার, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সওদাগর বাঁধের বাসিন্দা ইয়াকুব আনসারি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ডাক্তার ডাঙ্গার বাসিন্দা পেশায় টোটো চালক সনু হাওয়ারী তার প্রায় ২০-২৫ জন সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার ইযাকুব আনসারি ও আরেক ট্যাক্সি ড্রাইভার আমডিহার বাসিন্দা মন্টু দে কে মারধর করে। মারের চোটে দুজনই আহত হন। তাঁদের বুকে, পেটে আঘাত লাগার কারণে সদর হাসপাতালে চিকিৎসাও করাতে হয় বলে দাবি অভিযোগকারির। জানা গিয়েছে ইয়াকুব আনসারির ট্যাক্সির সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় টোটো দাঁড় করানো নিয়ে সনুর সঙ্গে সামান্য বচসা হয় তাঁর। এরপর সেদিনই একটু রাতের দিকে প্রায় ২০-২৫ সঙ্গীকে নিয়ে সনু চড়াও হয় ইয়াকুবের ওপর। বেদম প্রহার করে। অন্য ট্যাক্সি ড্রাইভার মন্টু দে তাঁকে বাঁচাতে এলে তাঁকেও মারা হয় বলে অভিযোগ।

শেয়ার করুন

You cannot copy content of this page