নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৪ জুন ২০২২ঃ

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হল আজ। কেন্দা থানার ভাদসা গ্রামের গৃহবধূ অষ্টমী মাহাতকে খুনের দায়ে পুরুলিয়া জেলা আদালতের বিচারক আজ স্বামী চিত্তরঞ্জন মাহাতর এই সাজা ঘোষণা করেন।

প্রসঙ্গত ২০১৮ সালের ১৭ আগষ্ট বাড়ির লোকজনের সামনেই স্ত্রী অষ্টমী মাহাতকে খুন করে বলে মৃতার স্বামী চিত্তরঞ্জন মাহাতর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে, ২০১৮ সালের ওইদিন ভাদসা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মাহাত তার স্ত্রীকে বাটালি দিয়ে ক্রমাগত কুপিয়ে আঘাত করতে থাকে। স্ত্রী অষ্টমী মাহাতর চিৎকারে ছুটে আসে ছেলে মৃগাঙ্ক মাহাত। দেখে মায়ের শরীর থেকে নাগাড়ে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। সে বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপরই অষ্টমী মাহাতোকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ওইদিন রাতেই মৃত্যু হয় অষ্টমীর। ওই রাতেই মৃতার দাদা মথুর মাহাত কেন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মৃতার স্বামী চিত্তরঞ্জন মাহাতকে। আজ সেই মামলার রায় ঘোষণা করেন জেলা আদালতের বিচারক এডিজে প্রথম কোর্ট অর্চিতা বন্দোপাধ্যায়। রায়ে স্বামী চিত্তরঞ্জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। গতকাল, শুক্রবারই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ রায় ঘোষণা হল। মামলায় গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর বয়ান দিয়েছেন ছেলে মৃগাঙ্ক মাহাত।

শেয়ার করুন

You cannot copy content of this page