নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, সোমবার, ৬ জুন ২০২২ঃ

শুক্রবারই এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্কুলের পরীক্ষার্থীদের ফলও ভাল হয়েছে। স্কুলের সেই সফলদের মধ্যে ২০ জন কৃতীদের সম্বর্ধনা দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সম্মান জানাতে উপস্থিত থাকলেন ব্লকের বিডিও এবং থানার ওসি-ও।

বাঘমুন্ডি হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৩৬০ জন। যার মধ্যে ৩৫৫ জন পরীক্ষার্থী ভাল ফল করে সফল হয়েছে। এদের মধ্যে কৃতি ১০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীকে সম্বর্ধনা দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের মুক্ত মঞ্চে সোমবার এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ এবং বাঘমুন্ডি থানার ও সি রজত চৌধুরী। এদিন অনুষ্ঠান মঞ্চে এই দুই সরকারি আধিকারিক বিদ্যালয়ের ২০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের। ভাল ফল হওয়ায় এবার ফল প্রকাশের পর থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে উৎসাহ ছিল অনেক বেশি। এদিন অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রশিদ খান তাঁর বক্তব্যে এবারের সফল হওয়া সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যতে আরো সফলতা কামনা করেন। সরকারি দুই আধিকারিককে অনুষ্ঠান মঞ্চে পেয়ে ভারপ্রাপ্ত শিক্ষক রশিদ খান তাঁর আনন্দের কথা স্বীকার করেন। স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা জানান, এই ধরনের উদ্যোগে ভবিষ্যতে স্কুলের পড়ুয়ারা আরো বেশি উৎসাহিত হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page