নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৭ জুন ২০২২ঃ

সিটু (সি আই টি ইউ) পরিচালিত স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার প্রোজেক্ট থেকে আজ একগুচ্ছ দাবিসনদ পেশ করা হল পুরুলিয়ার জেলাশাসককে। মূলত, জেলার সমস্ত শিশু শ্রমিক শিক্ষাকেন্দ্রগুলি পুনরায় খুলে পঠনপাঠন অবিলম্বে চালু করা, কেন্দ্রগুলির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে অবিলম্বে পুনরায় কাজে বহাল, ছাত্র-ছাত্রীদের বকেয়া স্টাইপেন অবিলম্বে মিটিয়ে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে এদিন সংগঠনের সদস্যরা জেলাশাসক দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অবস্থানও করেন। সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে, জেলার বিভিন্ন ব্লকের মোট ৮৯ টি শিশু শ্রমিক শিক্ষা কেন্দ্র ২০২০ সালের জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে রয়েছে। ফলে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের ন্যাশনাল চাইল্ড লেবার প্রোজেক্টের অধীন জেলার এইসমস্ত কেন্দ্রগুলির প্রায় সাড়ে চারশো শিক্ষা কর্মী বিগত আড়াই বছর ধরে বেকার। পাচ্ছেন না মাসিক ভাতা। এমনকি কেন্দ্রগুলির ছাত্র-ছাত্রীরাও এই দীর্ঘ সময় তাদের স্টাইপেন পাচ্ছে না। তাই অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে শিক্ষা কেন্দ্রগুলি পুনরায় চালু করার দাবি এদিন জানানো হয়েছে বলে সংগঠনের তরফে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page