নিজস্ব সংবাদদাতা, জয়পুর, শুক্রবার, ১০ জুন ২০২২ঃ

গৃহবধূকে খুনের অভিযোগে গতকাল (বুধবার) স্বামী সহ শ্বশুরবাড়ির ৭ জন সদস্যকে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ। আজ অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।

প্রসঙ্গত বুধবার দুপুরে জয়পুরের চকবাজারে শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে জয়পুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম ঋতুপর্ণা চন্দ্র (২১)। তাঁর বাপের বাড়ি বলরামপুরের রাঙাডি এলাকায়। প্রায় ৬ মাস আগে জয়পুরের বাসিন্দা রাজু চন্দ্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। ওইদিন দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার করে জয়পুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গৃহবধুর ম্যাজস্ট্র্রেট পর্যায়ের ময়নাতদন্ত হয়। পুলিশ সেদিন থেকেই তদন্ত শুরু করলেও বুধবার পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল।

গতকাল, বৃহস্পতিবার মৃত গৃহবধূর পিতা, বলরামপুরের রাঙাডির বাসিন্দা উত্তম পাল জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, পনের দাবিতে তাঁর মেয়ে ঋতুপর্ণাকে মেরে ফেলেছে তার শ্বশুরবাড়ির লোকজন। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, গত বছরের ১ লা ডিসেম্বর তাঁদের মেয়ে ঋতুপর্ণার বিয়ে হয় জয়পুর চকবাজারের বাসিন্দা রাজু চন্দ্রের সঙ্গে। বিয়ের সময় মেয়েকে তাঁরা ১ লক্ষ ৮১ হাজার টাকা নগদ, ৩ ভরি সোনা, পালঙ্ক, বাসনপত্র সহ বহু জিনিস দিলেও বিয়ের পর থেকেই আরো অতিরিক্ত ১ লক্ষ টাকার দাবিতে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর মেয়ের উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ মৃতার বাবা উত্তম পালের। মারা যাওয়ার একদিন আগে (মঙ্গলবার) রাতেও তাঁর মেয়ে শ্বশুরবাড়ির নির্যাতনের কথা ফোনে জানিয়ে শ্বশুরবাড়ি থেকে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাপের বাড়িতে অনুরোধ করেছিল বলে দাবি উত্তম পালের। তবে সে সুযোগ আর এলো না। পরদিনই তিনি ফোনে মেয়ের মৃত্যু সংবাদ পান বলে দাবি তাঁর। মৃতার স্বামী রাজু চন্দ্র, শ্বশুর গোলক চন্দ্র, শাশুড়ি গীতা চন্দ্র সহ ঋতুপর্ণার শ্বশুরবাড়ির ৭ জন সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাপের বাড়ির লোকজন। অভিযোগ, পনের জন্যই তাঁদের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ফেলেছে। গতকালই জয়পুর থানার পুলিশ ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শেয়ার করুন

You cannot copy content of this page