নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া  জুন ২০২২ঃ

পুরুলিয়ার কাটাডি রেল স্টেশন লাগোয়া গ্রাম এলাকায় লোকালয়ে ঢুকে পড়ল বুনো হাতি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আতঙ্ক দানা বাঁধে এলাকাবাসীদের মনে, হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা ও স্থানীয় আড়ষা থানার পুলিশ। হাতিটিকে আড়ষার মুদালি পাহাড়গোড়া এলাকা দিকে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় হাতি দেখতে গিয়ে ওই বুনো হাতির হানায় গুরুতর আহত হন এক বৃদ্ধ। হাতে, পায়ে গুরুতর আঘাত লাগে তার । তড়িঘড়ি ওই আহত বৃদ্ধকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। জানা গিয়েছে, আহত প্রায় ৫০ বছর বয়সী ওই বৃদ্ধর নাম উকিল হেমব্রম। বাড়ি আড়ষা থানা এলাকার রাধানগর গ্রামে। ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছে আহতের পরিবার। অন্যদিকে হাতির গতিবিধির উপর নজর রাখছে বন দপ্তর।

শেয়ার করুন

You cannot copy content of this page